Ridge Bangla

শুক্রবারে বড় ভাইকে কুপিয়ে জখম, শনিবার শিকার ছোট ভাই

শুক্রবার বড় ভাইকে কুপিয়ে জখম করার পরদিন শনিবার শিকার হয়েছেন ছোট ভাই। এমনই এক ঘটনা ঘটেছে নাটোরের বাগাতিপাড়ায়। পূর্বশত্রুতার জেরে এক মসজিদের ইমামকে কুপিয়ে আহত করার পরদিন তাঁর ছোট ভাইয়ের ওপরও হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত দুই ভাই বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা সজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদেরকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৬ মার্চ) দুপুরের দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের টুনিপাড়া মসজিদের ইমাম আবুল খায়ের জুমার নামাজ পড়িয়ে বাড়ি ফেরার পথে আচমকা দুর্বৃত্তদের হামলার শিকার হন। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি সাপেক্ষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এর একদিন পর শনিবার (৭ মার্চ) রাতে আবুল খায়েরের ছোট ভাই ইয়াকুব আলীর ওপরও সশস্ত্র হামলা চালানো হয়। রাত ৮টার দিকে রাস্তায় তাকে আক্রমণ করা হলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকেও তাঁর বড় ভাই আবুল খায়েরের মতো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে আহত ইয়াকুব আলী বলেন, আগের দিন তার বড় ভাইয়ের ওপর যারা হামলা করেছে, ওই ব্যক্তিরাই তার ওপরও হামলা করেছে। এ সময় তিনি মিরাজ ও তাঁর ছেলে মেহেদী এবং সাইফুলসহ আরো কয়েকজন জড়িত বলে অভিযোগ করেন।

বাগাতিপাড়া মডেল থানার ওসি মনজুরুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আহত আবুল খায়ের ও ইয়াকুব উপজেলার পৌরসভা এলাকার ১ নম্বর ওয়ার্ডের মৃত আয়েজ উদ্দিনের ছেলে বলে জানিয়েছেন তিনি।

This post was viewed: 5

আরো পড়ুন