জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও সহজ করতে নিবন্ধন ফরমে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নিবন্ধন ফরমে ‘ডাক নাম’ যুক্ত করা হবে এবং আবেদনকারীর পরিচয় নিশ্চিত করতে সংশ্লিষ্ট এলাকার কোনো সম্মানিত ব্যক্তির সুপারিশের জন্য আলাদা ঘর সংযোজন করা হবে।
ইসি কর্মকর্তারা জানান, সংসদ নির্বাচনের আগে এ বিষয়ে আলোচনা হলেও নির্বাচনী কার্যক্রম শুরু হওয়ায় তা স্থগিত ছিল। বর্তমানে পুনরায় প্রক্রিয়াটি চালু করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, ডাক নাম যুক্ত হলে ভবিষ্যতে নাম সংশোধনসংক্রান্ত জটিলতা কমবে এবং ভুয়া পরিচয়ে ভোটার হওয়ার সুযোগ সংকুচিত হবে।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, নিবন্ধন ফরম-২-এ নতুন ঘর যুক্ত করা হচ্ছে, যেখানে এলাকার একজন সম্মানিত ব্যক্তি আবেদনকারীকে ব্যক্তিগতভাবে চেনেন- এ মর্মে সুপারিশ দেবেন। এতে রোহিঙ্গা বা বিদেশিদের ভোটার হওয়া কঠিন হবে।
তিনি আরও জানান, ১৬ থেকে ১৭ বছর বয়সীদের চাহিদাভিত্তিক স্মার্ট কার্ড দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে স্থগিত থাকা এনআইডি সংশোধন কার্যক্রম চলতি সপ্তাহ থেকে পুরোদমে শুরু হবে।
ইসি সূত্রে জানা যায়, গত ৫ ডিসেম্বর থেকে প্রায় ১২ লাখ সংশোধন আবেদনের মধ্যে ১১ লাখের বেশি নিষ্পত্তি হয়েছে। তথ্য সুরক্ষায় ‘ম্যাচড-নট ম্যাচড’ পদ্ধতি চালু এবং সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি নবায়নসহ একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। তথ্য ফাঁসের অভিযোগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যাচাই লিংক স্থগিত ও তদন্তের ব্যবস্থাও রয়েছে বলে জানিয়েছে ইসি।