Ridge Bangla

ভিজিএফের চাল বিতরণে অনিয়ম হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে বলে জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, চাল বিতরণ প্রক্রিয়ায় কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম বা স্বজনপ্রীতি বরদাস্ত করা হবে না। যদি কারও বিরুদ্ধে এমন অভিযোগ প্রমাণিত হয়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (৭ মার্চ) নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় আয়োজিত হিফজুল কুরআন, হামদ-নাত ও আজান প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনিবার্য কারণে অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকতে না পারায় তিনি দুঃখ প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশকে একটি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজে পরিণত করার লক্ষ্যেই সরকার কাজ করছে। এমন একটি সমাজব্যবস্থা গড়ে তুলতে মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং মাদ্রাসা শিক্ষকদের সক্রিয় ভূমিকা ও সহযোগিতা কামনা করেন তিনি।

পবিত্র রমজানকে কেন্দ্র করে চার দিনব্যাপী আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি যাইনুল আবেদীন। এই প্রতিযোগিতায় কলমাকান্দা উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচটি গ্রুপে অংশ নেয়।

প্রতিটি গ্রুপে বিজয়ীদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হয়। প্রথম স্থান অধিকারীদের দেওয়া হয় একটি করে বাইসাইকেল, দ্বিতীয় স্থান অর্জনকারীরা পান ডিনার সেট এবং তৃতীয় স্থান পাওয়া শিক্ষার্থীদের দেওয়া হয় সাধারণ ডিনার সেট।

This post was viewed: 4

আরো পড়ুন