Ridge Bangla

রেশনিং পদ্ধতিতে শুরু হলো জ্বালানি তেল বিক্রি

দীর্ঘমেয়াদে দেশে জ্বালানি তেলের সংকট এড়াতে রোববার (৮ মার্চ) থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি শুরু হয়েছে। এ বিষয়ে পেট্রোল পাম্পগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর পরীবাগ এলাকায় একটি পেট্রোল পাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, রেশনিং পদ্ধতির মাধ্যমে দেশের জ্বালানি চাহিদা নিয়ন্ত্রণে রাখা হবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, নতুন নিয়ম অনুযায়ী মোটরসাইকেল দিনে সর্বোচ্চ ২ লিটার পেট্রল বা অকটেন নিতে পারবে। ব্যক্তিগত গাড়ির জন্য দৈনিক ১০ লিটার, স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল (এসইউভি), জিপ ও মাইক্রোবাসের জন্য ২০–২৫ লিটার তেল বরাদ্দ থাকবে।

পিকআপ ও লোকাল বাস প্রতিদিন ৭০–৮০ লিটার ডিজেল পেতে পারবে। দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও কনটেইনার ট্রাকের জন্য দৈনিক ২০০–২২০ লিটার জ্বালানি তেলের বরাদ্দ থাকবে।

বিপিসি জানায়, দেশে ব্যবহৃত মোট জ্বালানি তেলের প্রায় ৯৫ শতাংশই বিদেশ থেকে আমদানি করতে হয়। বৈশ্বিক সংকটময় পরিস্থিতির কারণে মাঝে মাঝে আমদানিতে বিলম্ব বা বিঘ্ন ঘটে।

এ পরিস্থিতিতে কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তেলের মজুদ নিয়ে নেতিবাচক খবর ছড়িয়ে পড়ায় ভোক্তাদের মধ্যে অতিরিক্ত চাহিদা দেখা দিয়েছে। এই চাহিদা পূরণে অনেক ডিলার আগের তুলনায় বেশি পরিমাণ তেল ডিপো থেকে সংগ্রহের চেষ্টা করছেন।

This post was viewed: 5

আরো পড়ুন