Ridge Bangla

ঝিনাইদহে তেল নিতে গিয়ে পাম্পকর্মীদের পিটুনিতে যুবক নিহত

ঝিনাইদহ শহরে একটি পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে বাকবিতণ্ডার জেরে পাম্পকর্মীদের মারধরে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন কর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

নিহত নিরব আহমেদ (নিরব হোসেন নামেও পরিচিত) কালীগঞ্জ উপজেলার বারোবাজার বাদুরগাছি গ্রামের আলিমুর বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে তিনি বোতলে তেল নিতে পাম্পে যান। কর্মচারীরা তেল দিতে অপারগতা জানালে কিছুক্ষণ পর তিনি আবার পাম্পে ফিরে আসেন। এ সময় অন্য এক ব্যক্তিকে বোতলে তেল দেওয়া হচ্ছে দেখে প্রতিবাদ করেন। একপর্যায়ে কথা কাটাকাটির জেরে পাম্পকর্মীরা তাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা পাম্পটির মালিকানাধীন আরেকটি স্থাপনায় ভাঙচুর চালায়।

ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন জানান, ঘটনাটি তদন্তাধীন। পাম্পের তিন কর্মীকে আটক করা হয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

This post was viewed: 5

আরো পড়ুন