Ridge Bangla

চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে শুরু করেছে জাহাজ

আঞ্চলিক উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালি ও ওমান উপসাগর পেরিয়ে আসা একাধিক জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে শুরু করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আগে রওনা হওয়া ১৫টি জাহাজের মধ্যে ইতোমধ্যে ১২টি বন্দরে পৌঁছেছে। বাকি তিনটি জাহাজ এ সপ্তাহে ভেড়ার কথা রয়েছে।

আজ রোববার ২২ হাজার ১৭২ টন এলপিজি নিয়ে ‘সেভান’ নামে একটি জাহাজ নোঙর করতে পারে। সোমবার ‘লুসাইল’ এবং বুধবার ‘আল গালায়েল’ নামে আরও দুটি জাহাজ বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। নোঙরের অপেক্ষায় থাকা তিনটি জাহাজে মোট ১ লাখ ৪০ হাজার টনের বেশি এলএনজি রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যুদ্ধ শুরুর আগেই হরমুজ প্রণালি অতিক্রম করায় এসব জাহাজের আগমনে আর বাধা নেই।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, সম্ভাব্য সরবরাহ সংকট এড়াতে সরকার খোলাবাজার থেকেও অতিরিক্ত এলএনজি ক্রয় করেছে। তিনি বলেন, জ্বালানি নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, তবে সাশ্রয়ী ব্যবহারের আহ্বান জানান।

এলএনজি জাহাজগুলোর স্থানীয় প্রতিনিধি জানান, চলতি মাসে মোট ৯টি এলএনজি জাহাজ আসার কথা ছিল। এর মধ্যে দুটি এসেছে, চারটি পথে রয়েছে এবং তিনটি এখনও হরমুজ প্রণালিতে অবস্থান করছে। হরমুজ অতিক্রমে বিলম্ব হলে নির্ধারিত সময়সূচি ব্যাহত হতে পারে।

পেট্রোবাংলা জানিয়েছে, চলতি বছরে মোট ১১৫টি এলএনজি কার্গো আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতার থেকে ৪০টি এবং ওমান থেকে ১৬টি কার্গো আসবে।

This post was viewed: 7

আরো পড়ুন