আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তান ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে। মূলত বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদ ও বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বাংলাদেশকে ভারতের মাটিতে খেলার অনুমতি না দেওয়ার কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। পাকিস্তান শুরু থেকেই বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছে। তবে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত প্রকাশ্যে আসে সম্প্রতি, যখন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ স্পষ্টভাবে জানান, এটি বাংলাদেশের প্রতি পূর্ণ সমর্থন ও ন্যায্যতার প্রতিফলন।
এ বিষয়ে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল পাকিস্তানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, “ধন্যবাদ পাকিস্তান। আমরা খেলার মাঠে কোনো রাজনীতি চাই না। পাকিস্তান পুরোপুরি বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত।”
উল্লেখ্য, পাকিস্তান–ভারত ম্যাচটি আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পাকিস্তানের এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক ক্রিকেটে তা আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। এছাড়া, আইসিসি পাকিস্তানকে সতর্ক করেছে যে, ভারতের বিপক্ষে ম্যাচ না খেললে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।