ঢাকায় চালু হলো তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্রের কার্যক্রম। সোমবার (২ ফেব্রুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে তুরস্কের ভিসা আবেদন গ্রহণ শুরু করবে মোসাইক ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার।
রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকাস্থ তুরস্ক দূতাবাস এ তথ্য নিশ্চিত করে। দূতাবাস জানায়, মোসাইক ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ইতোমধ্যে ১ ফেব্রুয়ারি থেকে ঢাকায় তাদের কার্যক্রম শুরু করেছে।
ঢাকার বনানী এলাকায় অবস্থিত এই ভিসা আবেদনকেন্দ্র রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আবেদন গ্রহণ করবে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভিসার আবেদন জমা দেওয়া যাবে। পাশাপাশি দুপুর ২টা থেকে বিকেল ৫টার মধ্যে আবেদনকারীরা পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন। তবে ভিসা আবেদন করতে হলে আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।
তুরস্কের ভিসা ফি নির্ধারণ করা হয়েছে ভিসার ধরন ও মেয়াদের ওপর ভিত্তি করে। সিঙ্গেল এন্ট্রি ভিসার ক্ষেত্রে তিন মাসের জন্য ফি ২৪ হাজার ৭৫০ টাকা, ছয় মাসের জন্য ২৭ হাজার ৬২৫ টাকা এবং ১২ মাসের জন্য ৩০ হাজার ৫০০ টাকা।
মাল্টিপল এন্ট্রি ভিসার ফি তিন মাসের জন্য ৪১ হাজার টাকা, ছয় মাসের জন্য ৪৩ হাজার ৮৭৫ টাকা এবং ১২ মাসের জন্য ৪৬ হাজার ৭৫০ টাকা। এছাড়া তিন মাস মেয়াদি ডাবল ট্রানজিট ভিসার ফি নির্ধারণ করা হয়েছে ৩২ হাজার ২৫০ টাকা।
তুরস্কের ভিসা আবেদনকারীদের জন্য নির্ধারিত কেন্দ্রটির ঠিকানা হাউস নম্বর ৭৭, ব্লক–এম, রোড নম্বর ১১, বনানী, ঢাকা।