বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় জামায়াতের ৫০ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টারের বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে কয়েকজন ব্যক্তি বিএনপিতে যোগদানের ঘোষণা দেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট এম. এ. মজিদ, যিনি ফুল দিয়ে নবাগতদের বরণ করে নেন।
জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ড ও কৌশল নিয়ে অসন্তোষের কারণে মাসুদ হোসেনসহ কয়েকজন নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। তারা মনে করেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে বিএনপির আদর্শ ও গণমুখী রাজনীতি বেশি গ্রহণযোগ্য। অ্যাডভোকেট এম. এ. মজিদের নেতৃত্বে তারা বিএনপিতে যোগ দিয়ে ভবিষ্যতে রাজপথে বিএনপির সঙ্গেই থাকার অঙ্গীকার করেন। এ সময় হরিণাকুণ্ডু উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হরিণাকুণ্ডু উপজেলা জামায়াতের আমির মো. বাবুল হোসাইন জানান, জামায়াত থেকে বিএনপিতে যোগদানের খবর সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। তাঁর দাবি, মাসুদ হোসেনের কখনোই জামায়াত-শিবিরের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। জনমনে বিভ্রান্তি ও ভুল ন্যারেটিভ ছড়ানোর উদ্দেশ্যেই এ যোগদান নাটক সাজানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন এবং এ কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।