Ridge Bangla

১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির রাজনৈতিক জানাজা ও দাফন হবে: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, গণভোটে ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়ে জাতীয় পার্টি কার্যত নিজেদের রাজনৈতিক অস্তিত্ব শেষ করে দিয়েছে। তিনি মন্তব্য করেন, এই দলটি ইতোমধ্যেই রাজনৈতিকভাবে মৃত এবং ১২ ফেব্রুয়ারি ভোটের মধ্য দিয়ে তাদের আনুষ্ঠানিক ‘জানাজা ও দাফন’ সম্পন্ন হবে।

রোববার (১ ফেব্রুয়ারি) রাতে রংপুরের কাউনিয়া উপজেলার কাউনিয়া মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে রংপুর–৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী আখতার হোসেনের পক্ষে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপি প্রকাশ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের কথা বললেও গোপনে ‘না’ ভোটের কার্যক্রম চালাচ্ছে, যা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। তিনি বলেন, “ওপেন-গোপনের এই রাজনীতি বন্ধ করে জনগণের কাতারে নেমে আসতে হবে। মুখে যে ‘হ্যাঁ’ বলা হচ্ছে, সেটিকেই ভোটের বাক্সে নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, তারেক রহমান, নাহিদ ইসলাম ও ডা. শফিকুর রহমান প্রকাশ্যভাবে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছেন। অথচ ভারতের রাজনৈতিক দলের বাংলাদেশ শাখা হিসেবে পরিচিত জাতীয় পার্টি ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়ে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে তিনি মন্তব্য করেন। ভোটারদের উদ্দেশে এনসিপির এই নেতা বলেন, ভোটের আগের দিন মুড়ি, শাড়ি বা নগদ অর্থ নিয়ে যারা আসবে, তাদের ১২ ফেব্রুয়ারি প্রত্যাখ্যান করতে হবে। একদিনের লোভের সিদ্ধান্ত আগামী পাঁচ বছর জনগণকে ভোগাতে পারে বলেও তিনি সতর্ক করেন।

জনসভায় সভাপতিত্ব করেন এনসিপির সদস্য সচিব ও প্রার্থী আখতার হোসেন। সভায় আরও বক্তব্য দেন এনসিপির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিমসহ জোটভুক্ত দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

This post was viewed: 10

আরো পড়ুন