Ridge Bangla

জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ

২০২৬ সালের জন্য জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের (পিসবিল্ডিং কমিশন–পিবিসি) সহ-সভাপতির দায়িত্ব পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত কমিশনের পাঁচ সদস্যের ব্যুরো নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ এই মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হয়।

কমিশনের ২০তম অধিবেশনের প্রথম সভায় মরক্কোকে সভাপতি এবং বাংলাদেশসহ জার্মানি, ব্রাজিল ও ক্রোয়েশিয়াকে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে সহ-সভাপতির দায়িত্ব গ্রহণ করে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি এবং মহাসচিবের পক্ষে তাঁর চিফ অব স্টাফ। তারা শান্তি বিনির্মাণ কমিশনের ভূমিকা ও বৈশ্বিক শান্তি রক্ষায় এর গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।

জাতিসংঘের শান্তি বিনির্মাণ কমিশন একটি আন্তঃসরকারি উপদেষ্টা সংস্থা, যা সংঘাত-পরবর্তী ও সংঘাতপ্রবণ দেশগুলোতে টেকসই শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করে থাকে। সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং জাতিসংঘে শীর্ষ সৈন্য ও অর্থ প্রদানকারী দেশগুলোর মধ্য থেকে নির্বাচিত মোট ৩১টি সদস্য রাষ্ট্র নিয়ে এই কমিশন গঠিত।

উল্লেখ্য, ২০০৫ সালে কমিশন প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সক্রিয় সদস্য। এর আগে বাংলাদেশ ২০১২ ও ২০২২ সালে পিবিসির সভাপতি এবং ২০১৩ ও ২০২৩ সালে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছে।

এক বিবৃতিতে বাংলাদেশের প্রতিনিধিদল এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আস্থা রাখার জন্য কমিশনের সদস্য রাষ্ট্রগুলোর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি জাতিসংঘের শান্তি বিনির্মাণ কার্যক্রম, চলমান উদ্যোগ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় সক্রিয়ভাবে অবদান রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশ।

This post was viewed: 10

আরো পড়ুন