গাজীপুরে বিশেষ অভিযানে জাল টাকা তৈরির এক সক্রিয় আস্তানার সন্ধান পেয়েছে র্যাব। এই অভিযানে বিপুল অঙ্কের প্রস্তুত করা ও প্রক্রিয়াধীন নকল নোটসহ তিনজনকে আটক করেছে র্যাবের দলটি।
গত সোমবার (২৬ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া এলাকায় খোকন ভিলার পঞ্চম তলার একটি ফ্ল্যাটে অভিযানটি পরিচালনা করে র্যাব-১।
আটকরা হলেন আরিফ রায়হান (৩১), মো. রুবেল মিয়া (৩৩) এবং মো. জাহিদুল ইসলাম ওরফে সবুজ (৩১)।
র্যাবের তথ্যমতে, অভিযানে ৫ লাখ ৪০ হাজার টাকার প্রস্তুত জাল নোট, কাগজে ছাপানো অবস্থায় ৯ লাখ ১০ হাজার টাকার নকল নোট, ১ হাজার ৯০০ টাকা নগদ অর্থ এবং জাল টাকা তৈরিতে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। এসবের মধ্যে রয়েছে একাধিক প্রিন্টার ও ল্যাপটপ, লেমিনেটিং মেশিন, পেপার কাটার, স্ক্যানার, বিভিন্ন রঙের কালি, স্ক্রিন ফ্রেম, কেমিক্যাল, স্পিরিট, কাগজ এবং কয়েকটি মোবাইল ফোন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে সমন্বিতভাবে নকল টাকা উৎপাদন ও বাজারে সরবরাহ করে আসছিলেন। উদ্ধারকৃত নোটগুলো বিক্রির উদ্দেশ্যেই প্রস্তুত করা হচ্ছিল বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব হাসান (পিপিএম) বিষয়টি নিশ্চিত করে জানান, আইনানুগ প্রক্রিয়ার জন্য আটক ব্যক্তিদের টঙ্গী পূর্ব থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।