কলকাতা ও বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের পাখি চরিত্রের মাধ্যমে দুই বাংলায় ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেন। এই চরিত্রটি বাংলা টিভি ধারাবাহিকের অন্যতম স্মরণীয় চরিত্র হয়ে ওঠে।
মধুমিতা দীর্ঘদিনের প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে শুক্রবার (২৪ জানুয়ারি) সরস্বতী পূজার রাতে আইনি ও সামাজিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়েতে দু’জনেই বাঙালি ঐতিহ্যবাহী পোশাকে রাজকীয় সাজে উপস্থিত ছিলেন। মধুমিতা লাল বেনারসি ও সোনার গয়নায়, আর দেবমাল্য লাল পাঞ্জাবি ও টোপর পরে উপস্থিত ছিলেন।
ঘনিষ্ঠ আত্মীয় ও টলিপাড়ার কয়েকজন তারকার উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে সব ধর্মীয় রীতি মেনে মধুমিতা ও দেবমাল্যের বিয়ে সম্পন্ন হয়। পাঁচ বছরের বেশি সময়ের প্রেমের সম্পর্কের পর, আগেই ঘোষিত পরিকল্পনা অনুযায়ী ডিসেম্বর-জানুয়ারির মধ্যেই তাদের বিয়ের সিদ্ধান্ত বাস্তবায়িত হলো।
এটি মধুমিতা সরকারের দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে সেই সংসার বেশিদিন টেকেনি। ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়। সৌরভের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন অভিনেত্রী।
নতুন জীবনের শুরুতে মধুমিতা ও দেবমাল্যকে শুভেচ্ছা জানিয়েছেন টলিপাড়ার অনেক সহকর্মী ও ভক্তরা।