Ridge Bangla

ঢাবি অধিভুক্ত নিটোরে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন যেভাবে

বিএসসি ইন ফিজিওথেরাপি কোর্সের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। আগ্রহীরা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের অধীন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) ৪ বছর একাডেমিক ও ১ বছর বাধ্যতামূলক ইন্টার্নশিপসহ সর্বমোট ৫ বছর মেয়াদি এ কোর্সের আবেদন অনলাইনে করতে হবে।

ভর্তিচ্ছুদের এসএসসি/দাখিল এবং এইচএসসি/আলিম পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ফিজিক্স, কেমিস্ট্রি ও বায়োলজি থাকতে হবে। উভয় পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮ পয়েন্ট এবং আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.৫ পয়েন্ট থাকতে হবে।

উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে মোট জিপিএ ৭ পয়েন্ট এবং আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ পয়েন্ট থাকতে হবে। যে সকল প্রার্থী ২০২২ সালের পূর্বে এসএসসি এবং ২০২৪ সালের পূর্বে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাদের আবেদন করার প্রয়োজন নেই।

অনলাইন আবেদন https://nitorbd.bigmsoft.com লিংকের মাধ্যমে করতে হবে। অনলাইনে আবেদন শুরুর পূর্বে আবেদন ফি এক হাজার টাকা ‘COURSE CO-ORDINATOR PHYSIOTHERAPY’ চলতি হিসাব নম্বর ‘০২০০০০১৭৬৭২৭৪’, অগ্রণী ব্যাংক পিএলসি, শ্যামলী শাখা, ঢাকা-এর অনুকূলে বাংলাদেশের অগ্রণী ব্যাংকের যেকোনো শাখা বা অনলাইন শাখায় জমা দিয়ে জমা রশিদ সংগ্রহ করতে হবে। জমা রশিদের উভয় অংশে প্রার্থীর নাম ও আবেদনে উল্লেখিত মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। কোনো প্রকার পে-অর্ডার বা চালান কপি গ্রহণ করা হবে না।

অনলাইনে আবেদনের সময় আবেদনকারীর ছবি ও স্বাক্ষর (সর্বোচ্চ ৩০০ কেবি, jpg) এবং ব্যাংকের সিল ও স্বাক্ষরযুক্ত জমা রশিদের স্ক্যান কপি (সর্বোচ্চ ৪০০ কেবি, jpg) আপলোড করতে হবে। অনলাইনে আবেদনের বিস্তারিত নির্দেশনা ওয়েবসাইটে দেখে যথাযথভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আবেদনের জন্য গুরুত্বপূর্ণ তারিখ:

  • অনলাইন আবেদন শুরু: ১০/০১/২০২৬
  • আবেদনের শেষ সময়: ২৮/০২/২০২৬ (রাত ১২টা পর্যন্ত)
  • প্রবেশপত্র সংগ্রহ: ২৯ মার্চ থেকে ২ এপ্রিল (রাত ১২টা পর্যন্ত)
  • ভর্তি পরীক্ষা: ৩ এপ্রিল (শুক্রবার) সকাল ১০টায়। সময়কাল ১ ঘণ্টা।
This post was viewed: 21

আরো পড়ুন