Ridge Bangla

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজ শেষে এই দোয়ার আয়োজন করা হয়, যেখানে বিপুলসংখ্যক মুসল্লি ও সাধারণ মানুষ অংশ নেন।

দোয়া মাহফিলের শুরুতে বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়। এরপর আল্লাহ তায়ালার দরবারে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি দানের প্রার্থনাও করা হয়।

মসজিদ প্রাঙ্গণে উপস্থিত মুসল্লিরা জানান, দেশের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার অবদান স্মরণ করে তারা তার আত্মার শান্তির জন্য দোয়া করেছেন। দোয়া শেষে অনেকে নীরবে ফাতেহা পাঠ করেন।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ শুক্রবার তৃতীয় ও শেষ দিনের মতো রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে গত ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়।

This post was viewed: 33

আরো পড়ুন