সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার নাতনি জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা। শুক্রবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে অবস্থিত সমাধিতে তারা শ্রদ্ধা জানান এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশ নেন।
সকাল সাড়ে ১০টার দিকে প্রায় ২০ জন পরিবারের সদস্য নিয়ে জাইমা রহমান জিয়া উদ্যানে পৌঁছান। নিরিবিলি পরিবেশে তারা দীর্ঘ সময় দোয়া ও মোনাজাত করেন। জিয়ারত শেষে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে পরিবারের সদস্যরা জিয়া উদ্যান ত্যাগ করেন। এ সময় জাইমা রহমানের সঙ্গে ছিলেন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ পরিবারের ঘনিষ্ঠ স্বজনরা।
উল্লেখ্য, দীর্ঘ ৩৭ দিন চিকিৎসাধীন থাকার পর গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। এর আগে গত ২৩ নভেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। গত বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে বিকেল ৩টা ৫ মিনিটে জাতীয় সংসদ ভবন এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখো মানুষের ঢল নামে।