পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের হামলায় এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। একই ঘটনায় আরেক শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে সুবিদখালী সরকারি কলেজের পেছনের এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম সিয়াম (১৮)। তিনি ঢাকার শহীদ রমিজ উদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন। আহত শিক্ষার্থী আবদুল্লাহ আল মাহমুদ, যিনি ঝালকাঠির একটি মাদ্রাসার একাদশ শ্রেণির ছাত্র বলে জানা গেছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আহত মাহমুদের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় তিনি ও তাঁর খালাতো ভাই সিয়াম কলেজের পেছনে বসে কথা বলছিলেন। এ সময় কয়েকজন যুবক তাঁদের কাছে অর্থ দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে মাদকসংক্রান্ত মিথ্যা অভিযোগে পুলিশের হাতে তুলে দেওয়ার হুমকি দিয়ে তাঁদের ওপর হামলা চালানো হয়। হামলার পর তিনি আর কিছু মনে করতে পারেননি বলে জানান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. আবদুর রহমান শামীম জানান, বিকেল চারটার দিকে কয়েকজন ব্যক্তি সিয়াম ও মাহমুদকে হাসপাতালে পৌঁছে দিয়ে দ্রুত সেখান থেকে চলে যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাসপাতালে পৌঁছানোর কিছু সময় আগেই সিয়ামের মৃত্যু হয়।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আ. সালাম বলেন, মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে এবং ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।