সিলেটে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একই পরিবারের আরও চার সদস্য। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার দয়মীর এলাকায়।
ওসমানীনগর থানার ওসি হুমায়ুন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন খাদিমপুর গ্রামের প্রাইভেটকার চালক হারুন মিয়া ও তাঁর ১০ বছর বয়সী মেয়ে আনিছা বেগম। আহতরা হলেন একই এলাকার মুকিত মিয়া (৩৫), আজিজুল ইসলামের স্ত্রী রাহিমা খাতুন (৩০), বেলাল আহমদের স্ত্রী পান্না বেগম (২৩) ও সফিক মিয়ার মেয়ে মুন্নি আক্তার (২৩)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে সিলেট থেকে হবিগঞ্জগামী একটি বাস ও তাজপুর থেকে সিলেটগামী প্রাইভেটকারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে প্রাইভেটকার চালক হারুন মিয়া ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারের যাত্রীদের উদ্ধার করে।
উদ্ধারকৃত পাঁচজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক আনিছা বেগমকে মৃত ঘোষণা করেন। আহত চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম জানিয়েছেন, প্রাইভেটকার ও বাস আটক করা হয়েছে। রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে।