Ridge Bangla

জাতীয় নির্বাচন পর্যন্ত সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত সরকারি কর্মকর্তাদের একান্ত প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণ না করার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সম্প্রতি এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে।

পরিপত্রের অনুলিপি সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব, মন্ত্রিপরিষদ সচিব এবং উপদেষ্টাদের একান্ত সচিবদের কাছে পাঠানো হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, বিদেশ ভ্রমণ বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পূর্ববর্তী পরিপত্র এবং অর্থ বিভাগের গত ৮ জুলাইয়ের নির্দেশনাতেও সরকারি সফর সীমিত করার কথা বলা হয়েছিল। তবে দেখা যাচ্ছে, নির্দেশনা যথাযথভাবে অনুসরণ না করে অনেক কর্মকর্তা বিদেশ সফরে যাচ্ছেন।

পরিপত্রে আরও বলা হয়, একই মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা একই সময়ে বিদেশ সফরে যাচ্ছেন, এমনকি দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও সচিব একসঙ্গে বিদেশ ভ্রমণ করছেন—যা সরকারের পূর্বের নির্দেশনার পরিপন্থী। এসব প্রস্তাব বারবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হচ্ছে, যা নির্বাচনের আগে প্রশাসনিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে।

এ অবস্থায়, নির্বাচনকালীন সময়ে সরকারি কাজের ধারাবাহিকতা ও স্বচ্ছতা বজায় রাখতে একান্ত প্রয়োজন ছাড়া কোনো ধরনের বিদেশ সফর পরিহার করার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। পরিপত্রে বলা হয়, সরকার চায় প্রশাসনিক কার্যক্রম যেন নির্বাচনের প্রস্তুতি ও সুষ্ঠু পরিচালনায় কোনোভাবে ব্যাহত না হয়। তাই নির্বাচনের আগে সরকারি কর্মকর্তাদের দায়িত্বপালনে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে এবং অপ্রয়োজনীয় বিদেশ সফর থেকে বিরত থাকতে হবে।

This post was viewed: 39

আরো পড়ুন