Ridge Bangla

আজ থেকে ১০টির বেশি সিম বন্ধ: বিটিআরসি

বাংলাদেশে আজ শনিবার (১ নভেম্বর) থেকে কোনো জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে ১০টির বেশি সক্রিয় মোবাইল সিম রাখা যাবে না। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, অপারেটররা আজ থেকেই অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করবে।

বিটিআরসি জানিয়েছে, পূর্বের নিয়ম অনুযায়ী একজন নাগরিকের নামে সর্বাধিক ১৫টি সিম ব্যবহার করা যেত। তবে ৩০ জুলাই ঘোষিত নতুন নির্দেশনা অনুযায়ী, একজন নাগরিকের নামে ১০টির বেশি সিম থাকতে পারবে না। অতিরিক্ত সিমগুলো ধাপে ধাপে বন্ধ করা হবে। সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার থেকে এই সিমগুলো ডি-রেজিস্ট্রার করতে হবে।

বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী জানিয়েছেন, নভেম্বর মাসের মধ্যে নিশ্চিত করা হবে যে কোনো এনআইডির নামে ১০টির বেশি সিম সক্রিয় থাকবে না। এরপর ২০২৬ সালের জানুয়ারি থেকে নতুন নিয়ম অনুযায়ী একজন গ্রাহক সর্বোচ্চ ৫টি সিম নিবন্ধন করতে পারবেন। এ সিদ্ধান্তটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অনুমোদনের পর কার্যকর হবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্বাচনের আগে ব্যক্তিগত পর্যায়ে সিম ব্যবহার সীমিত করা হবে। ভবিষ্যতে সরকারের লক্ষ্য ব্যক্তিগত সিমের সংখ্যা দুটিতে নামানো।

একটি এনআইডির বিপরীতে কতগুলো সিম নিবন্ধিত আছে তা জানতে গ্রাহকরা যে কোনো অপারেটর থেকে *১৬০০১# ডায়াল করে জানতে পারবেন। ফিরতি মেসেজে জাতীয় পরিচয়পত্রের শেষ চারটি সংখ্যা পাঠানোর পর তথ্য দেওয়া হবে, কোন কোন অপারেটরের সিম সেই এনআইডিতে রয়েছে।

This post was viewed: 37

আরো পড়ুন