Ridge Bangla

ড্যাফোডিল–সিটি ইউনিভার্সিটির ভয়াবহ সংঘর্ষ, আহত আড়াই শতাধিক

ঢাকার সাভারের আশুলিয়ার খাগান এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। রোববার রাতভর দফায় দফায় চলা এ সংঘর্ষে উভয় বিশ্ববিদ্যালয়ের আড়াই শতাধিক শিক্ষার্থী আহত হন। এ সময় আগুনে পুড়ে যায় তিনটি বাস ও একটি প্রাইভেটকার, ভাঙচুর করা হয় প্রশাসনিক ভবনের একাধিক কক্ষ, গাড়ি ও মোটরসাইকেল।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ব্যাচেলর প্যারাডাইস হোস্টেলের সামনে সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী থুথু ফেললে তা ড্যাফোডিলের এক শিক্ষার্থীর গায়ে লাগে। এ নিয়ে তর্কের একপর্যায়ে রাত সাড়ে ৯টার দিকে সিটি ইউনিভার্সিটির ৪০–৫০ জন শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে হামলা চালায়। ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ড্যাফোডিলের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসে প্রবেশ করে আগুন ও ভাঙচুর চালায়।

ঘটনায় উভয় বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী আহত হন বলে জানা গেছে। পরে দুই প্রতিষ্ঠানের প্রশাসন আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক শিক্ষার্থীদের মুক্তি দেওয়া হয়।

ড্যাফোডিলের এক শিক্ষার্থী অভিযোগ করেন, “আমাদের বন্দুকের মুখে জোর করে মিথ্যা বিবৃতি দিতে বাধ্য করা হয়েছে।” সিটি ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান জানান, “আমাদের শতাধিক শিক্ষার্থী আহত, ক্ষয়ক্ষতি প্রায় ২৫ কোটি টাকা।” অন্যদিকে ড্যাফোডিলের পরিচালক সৈয়দ মিজানুর রহমান বলেন, “আটক শিক্ষার্থীদের নির্যাতন করে ছেড়ে দেওয়া হয়েছে।”

ঘটনার পর সিটি ইউনিভার্সিটি ২৮ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত সব একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে।

This post was viewed: 27

আরো পড়ুন