একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে সর্বোচ্চ ১০টি সিম কার্ড নিবন্ধনের সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। যেসব গ্রাহকের নামে ১০টির বেশি সিম নিবন্ধিত আছে, তাদের আগামী ৩০ অক্টোবরের মধ্যে অতিরিক্ত সিমগুলো ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করতে হবে। অন্যথায় নির্ধারিত সময় শেষে স্বয়ংক্রিয়ভাবে ওই সিমগুলো বাতিল করা হবে বলে জানিয়েছে বিটিআরসি।
রোববার এক জরুরি বিজ্ঞপ্তিতে কমিশন জানায়, অনেক গ্রাহকের অজান্তে তাদের নামে একাধিক সিম নিবন্ধিত রয়েছে, যা বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহৃত হতে পারে। এজন্যই নির্ধারিত সীমা ১০ সিমে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গ্রাহকরা নিজেদের নামে কতটি সিম নিবন্ধিত আছে তা জানতে মোবাইল ফোন থেকে *১৬০০১# ডায়াল করে এনআইডির শেষ চারটি সংখ্যা লিখে পাঠালেই তথ্য পাওয়া যাবে। অতিরিক্ত সিম বাতিল বা হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে।
এদিকে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, সরকার পর্যায়ক্রমে একজন ব্যক্তির নামে সিম নিবন্ধনের সংখ্যা ১০ থেকে কমিয়ে ২টিতে আনার পরিকল্পনা করছে। তিনি আরও বলেন, “আসন্ন জাতীয় নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে কাজ চলছে, যাতে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়।”
পাশাপাশি রাজনৈতিক দলগুলোর প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, “দলগুলো যদি দায়িত্বশীল ভূমিকা পালন করে এবং জনগণ সচেতন থাকে, তাহলে নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হবে।”