Ridge Bangla

বিশ্ববাজারে তেলের দামে স্বস্তি

এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছানোর পর অবশেষে বিশ্ববাজারে কিছুটা কমেছে জ্বালানি তেলের দাম। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় ভূরাজনৈতিক উত্তেজনা হ্রাস পেয়ে ব্যবসায়িক ঝুঁকি কমেছে, এর সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারে।

শুক্রবার (১০ অক্টোবর) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, এদিন দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৪ সেন্ট বা ০.৪ শতাংশ কমে দাঁড়ায় ৬৪ দশমিক ৯৮ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ২০ সেন্ট বা ০.৩ শতাংশ কমে নেমে আসে ৬১ দশমিক ৩১ ডলারে।

এর আগে গত বুধবার (৮ অক্টোবর) রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা ব্যর্থ হলে তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়ে এক সপ্তাহের সর্বোচ্চ স্তরে ওঠে। এতে বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হয় এবং রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা দেখা দেয়।

তবে বৃহস্পতিবার (৯ অক্টোবর) ইসরায়েল ও ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরপরই বাজারে কিছুটা স্বস্তি ফিরে আসে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমিত হওয়ায় সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কা কমে যায়। ফলস্বরূপ, শুক্রবার দাম কমে কিছুটা স্থিতিশীলতা দেখা দেয় তেলের লেনদেনে।

বাজার বিশ্লেষকরা মনে করছেন, সাময়িক হলেও এ স্বস্তি বিশ্ব অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে আবারও তেলের দাম ঊর্ধ্বমুখী হওয়ার ঝুঁকি রয়ে গেছে। আপাতত ব্যবসায়ী ও আমদানিকারকদের জন্য এ মূল্যহ্রাস কিছুটা স্বস্তি বয়ে এনেছে।

This post was viewed: 55

আরো পড়ুন