আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে ৪৮৯টি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার (৬ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। পরিপত্র অনুযায়ী, দেশের মোট ৪৯৫টি উপজেলার মধ্যে সন্দ্বীপ, হাতিয়া, কুতুবদিয়া, দাকোপ, মনপুরা ও রাঙ্গাবালি- এই ছয়টি উপজেলা ছাড়া বাকি সব উপজেলাতেই বিজিবি মোতায়েন থাকবে।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনকালীন শান্তি ও আইনশৃঙ্খলা রক্ষায় ইতোমধ্যে সারাদেশে ১ হাজার ১৫১ প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে। ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ বিধানের আওতায় এসব প্লাটুন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। প্রয়োজনে তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে সক্রিয় হবে।
পরিপত্রে আরও বলা হয়, ভোটগ্রহণের চার দিন আগে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে বিজিবি মোতায়েন শুরু হবে এবং তা চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়ের মধ্যে নির্বাচন-পূর্ব, ভোটগ্রহণ ও পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে প্রায় ১২ কোটি ৭৫ লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ৩০০টি সংসদীয় আসনে প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রের ২ লাখ ৬০ হাজারের বেশি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনী দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতির অংশ হিসেবে প্রায় ৮ লাখ সদস্য মোতায়েন থাকবে। এর মধ্যে আনসার ও ভিডিপির প্রায় ৫ লাখ ৫০ হাজার সদস্য ভোটকেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকবেন।