Ridge Bangla

৮১টি দেশি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধির সঙ্গে আজ ইসির সংলাপ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নির্ভুল ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে অংশীজনদের সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) দেশি ৮১টি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সকাল ও বিকেল দুই ধাপে এ মতবিনিময় অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে এ বৈঠকে অন্যান্য নির্বাচন কমিশনারসহ ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

সোমবার (২৪ নভেম্বর) ইসি সচিবালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) ও বিকল্প তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. আশাদুল হক গণমাধ্যমকে জানান, চলমান সংলাপের অংশ হিসেবে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় প্রথম দফায় ৪০টি সংস্থার সঙ্গে এবং দুপুর ২টা থেকে দ্বিতীয় দফায় ৪১টি সংস্থার সঙ্গে মতবিনিময় হবে। পর্যবেক্ষকদের সুচিন্তিত মতামত ও পরামর্শ গ্রহণ করাই এ সংলাপের মূল উদ্দেশ্য।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দল, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, নাগরিক সমাজ, সাংবাদিক, নির্বাচন বিশেষজ্ঞ এবং নারীনেত্রীসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে ইতোমধ্যেই একাধিক দফায় মতবিনিময় করেছে ইসি। গত ১৩, ১৬, ১৭ ও ১৯ নভেম্বর দুই দফায় অনুষ্ঠিত আলোচনায় নিবন্ধিত ৪৭টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়ে নির্বাচন সংক্রান্ত নানা প্রস্তাব ও মতামত উপস্থাপন করেন।

This post was viewed: 39

আরো পড়ুন