Ridge Bangla

৮০ হাজার নারীসহ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রাইমারি হেলথকেয়ার সিস্টেমকে আরও বিস্তৃত ও সর্বজনীন করার লক্ষ্যে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করেছে সরকার। এ নিয়োগের মধ্যে প্রায় ৮০ হাজারই নারী স্বাস্থ্যকর্মী থাকবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।

শনিবার (৭ মার্চ) রাজধানীর সিরডাপ মিলনায়তনে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) আয়োজিত ‘বাংলাদেশ সর্বজনীন স্বাস্থ্যের পথে’ শীর্ষক এক সংলাপ অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত এ তথ্য জানান।

তিনি জানান, দেশের প্রাইমারি হেলথকেয়ার ব্যবস্থাকে আরও সর্বজনীন করতে এই বিপুলসংখ্যক স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে ই-হেলথ কার্ড চালুর কাজও শুরু হয়েছে এবং এর বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কাঠামো তৈরির প্রক্রিয়া চলছে।

স্বাস্থ্যখাতে বিদ্যমান দুর্নীতির প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী জানান, অতীতে অনেক ভালো উদ্যোগ দুর্নীতির কারণে বাস্তবায়িত হয়নি। তাই পরিকল্পনা বাস্তবায়নে কঠোর তদারকি ও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। যথাযথ নজরদারি না থাকলে বড় বড় প্রকল্পও দুর্নীতির খাতে পরিণত হওয়ার ঝুঁকি থাকে।

তিনি আরও জানান, সরকারি হাসপাতালগুলোতে দালালচক্রের দৌরাত্ম্যের কারণে রোগীদের ভোগান্তি পোহাতে হয়। পাশাপাশি অনেক ক্ষেত্রে চিকিৎসকদের নিয়মিত উপস্থিতির অভাবও সেবাগ্রহীতাদের সমস্যায় ফেলছে। এসব সমস্যা সমাধানে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

This post was viewed: 3

আরো পড়ুন