Ridge Bangla

৫ হাজারের বেশি জাল নোটসহ দুই তরুণ গ্রেপ্তার

রাজধানীর তুরাগ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা ও নোট তৈরির সরঞ্জামসহ নাইমুল ইসলাম ইশান (১৯) ও কেফায়েত উল্লাহ (১৯) নামে দুই তরুণকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার (৬ মার্চ) দুপুরে র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক সনদ বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তুরাগের ডলিপাড়া বাদলদী এলাকার একটি চারতলা ভবনের চতুর্থ তলায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে অভিযান চালিয়ে জাল নোট তৈরির সঙ্গে জড়িত সন্দেহে ওই দুইজনকে আটক করা হয়।

অভিযানের সময় তাদের কাছ থেকে ৫০০ টাকা মূল্যমানের মোট ৫ হাজার ৫টি জাল নোট উদ্ধার করা হয়। এছাড়া জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, দুটি লেজার প্রিন্টিং ডাইস এবং তিনটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছে, তারা একটি সংঘবদ্ধ জাল নোট চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে বিভিন্ন মূল্যমানের জাল টাকা তৈরি করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় তা বিক্রির সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে তারা।

This post was viewed: 4

আরো পড়ুন