Ridge Bangla

৫ জনকে কুপিয়ে জখম, যুবককে গণপিটুনি; পুলিশের হাতে সোপর্দ জনতার

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় মোবাইল চুরির সন্দেহকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে হওয়া সংঘর্ষে এক ব্যক্তির ছুরিকাঘাতে পাঁচজন আহত হয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে কাঁচপুর ইউনিয়নের রায়েরটেক এলাকার পারটেক্স খেলার মাঠে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন নিরব মিয়া, মো. সুজন, কাউসার মিয়া, সোহান ও চঞ্চল। তারা সবাই স্থানীয় রায়েরটেকের বাসিন্দা। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খেলার মাঠ এলাকা থেকে নিরব মিয়ার একটি মোবাইল ফোন হারিয়ে যায়। এ ঘটনায় আমিন মিয়া নামে এক যুবককে সন্দেহ করা হয়। বিষয়টি নিয়ে নিরবসহ কয়েকজন তাঁর সঙ্গে কথা বলতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ রয়েছে, মোবাইল ফেরত দেওয়ার কথা বলে আমিন মিয়া তাদের পারটেক্স খেলার মাঠে নিয়ে যান। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে তিনি ধারালো অস্ত্র দিয়ে উপস্থিতদের ওপর হামলা চালান।

চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে। এ সময় স্থানীয়রা অভিযুক্তকে আটক করে গণপিটুনির পর পুলিশের হাতে তুলে দেয়।

ঘটনার পর গুরুতর আহত নিরব মিয়ার খালা বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগ গ্রহণ করে অভিযুক্তকে হেফাজতে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

This post was viewed: 4

আরো পড়ুন