সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিকে নিয়ে ফুলকোর্ট সভা আহ্বান করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। আগামী ৪ নভেম্বর (মঙ্গলবার) বিকেল ৩টায় সুপ্রিম কোর্ট ভবনের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হবে।
শনিবার (১ নভেম্বর) সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আসিফ ইকবালের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সভার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সুপ্রিম কোর্টের সূত্র জানায়, এই ফুলকোর্ট সভায় বিচার বিভাগের বিভিন্ন প্রশাসনিক ও নীতি-নির্ধারণী বিষয় নিয়ে আলোচনা হবে। বিশেষ করে অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি, কর্মপরিবেশ ও শৃঙ্খলাবিধি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হতে পারে। এছাড়াও বিচারপ্রার্থীদের সেবা সহজীকরণ ও বিচার ব্যবস্থার দক্ষতা বাড়ানোর বিষয়েও মতবিনিময় হবে।
আইন বিশেষজ্ঞদের মতে, ফুলকোর্ট সভা বিচারপতিদের নিজেদের মতামত ও অভিজ্ঞতা বিনিময়ের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এই সভায় বিচার বিভাগের নীতিগত দিকনির্দেশনা ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উল্লেখ্য, ফুলকোর্ট সভা সাধারণত বছরের বিশেষ সময়গুলোতে আহ্বান করা হয়, যেখানে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা একত্রে বসে বিচার বিভাগের সামগ্রিক অগ্রগতি ও প্রশাসনিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।