Ridge Bangla

৪৭ হাজার প্রবাসীর এনআইডির জন্য আবেদন

বিদেশে বসবাসরত প্রায় ৪৭ হাজার বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন। বিশ্বের ৯টি দেশের ১৬টি স্টেশনে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে এই ভোটার নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছে ইসি। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ূন কবীর জানান, আগামী ১৫ জুলাই থেকে জাপানেও প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে। পাশাপাশি দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাষ্ট্রেও কার্যক্রম শুরু করার প্রস্তুতি চলছে।

প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত ৪৬ হাজার ৯৮২টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ২২ হাজার ৫৭৫টি আবেদন উপজেলা নির্বাচন অফিসে তদন্তাধীন, ২০ হাজার ২৬৬টি আবেদন ইতোমধ্যে অনুমোদিত হয়েছে এবং ৪৯৫টি আবেদন অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বাংলাদেশ দূতাবাসগুলো ২৫ হাজার ৫৫০ জন প্রবাসীর আঙুলের ছাপ ও ছবি সংগ্রহ করেছে।

তবে যাচাই-বাছাই শেষে ৩ হাজার ৬৪৬টি আবেদন বাতিল করা হয়েছে। সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে—১৯ হাজার ৫৬২টি। অন্যদিকে সবচেয়ে কম আবেদন এসেছে অস্ট্রেলিয়া থেকে, মাত্র ১৫৩টি।

বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডায় প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম চালু রয়েছে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে এ কার্যক্রম ধাপে ধাপে আরও বিস্তৃত করা হবে। ইতোমধ্যে ২০ হাজারেরও বেশি প্রবাসী ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

This post was viewed: 31

আরো পড়ুন