স্থগিত হওয়া ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সংশোধিত সূচি অনুযায়ী, তৃতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষা আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হবে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি যেসব মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছিল, সেগুলোর পরিবর্তিত তারিখ নির্ধারণ করা হয়েছে।
পিএসসির তথ্য অনুযায়ী, তৃতীয় পর্যায়ের মৌখিক পরীক্ষায় মোট ১ হাজার ৩৬১ জন প্রার্থী অংশ নেবেন। এর মধ্যে সাধারণ ক্যাডারের প্রার্থী রয়েছেন ৩৯০ জন, কারিগরি ও পেশাগত ক্যাডারের ৭৩৮ জন এবং উভয় ক্যাডারের ২৩৩ জন প্রার্থী। রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত পিএসসির প্রধান কার্যালয়ে এ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা দিয়ে পিএসসি জানিয়েছে, মৌখিক পরীক্ষার জন্য কোনো সাক্ষাৎকারপত্র প্রার্থীদের ঠিকানায় ডাকযোগে পাঠানো হবে না এবং এটি কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে ডাউনলোড করতে হবে। ভাইভা বোর্ডে বিপিএসসি ফরম-১ (BPSC Form-1) ও অতিরিক্ত তথ্যসংবলিত ফরম-৩ (BPSC Form-3)-এর কপি জমা দিতে হবে। শিক্ষাগত যোগ্যতার সব সনদ, নাগরিকত্ব সনদ এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের দুই সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে এবং মূল কপিগুলোও বোর্ডে প্রদর্শনের জন্য সঙ্গে রাখতে হবে। বিএমডিসি নিবন্ধিত চিকিৎসক প্রদত্ত ওজন, উচ্চতা ও বুকের মাপের প্রত্যয়নপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে। মৌখিক পরীক্ষার আগেই প্রয়োজনীয় সব কাগজপত্রের স্ক্যান কপি পিএসসির নির্ধারিত গুগল ফর্মে (https://forms.gle/Wenx7PCoZh2rZ5L98) আপলোড করতে হবে।
ঘোষিত সূচি অনুযায়ী ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৫ ও ২৬ জানুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে ভাইভা শুরু হবে। পিএসসি জানিয়েছে, মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীদের কোনো সাক্ষাৎকারপত্র ডাকযোগে পাঠানো হবে না এবং সংশ্লিষ্ট কাগজপত্র কমিশনের ওয়েবসাইট থেকেই ডাউনলোড করতে হবে।