৪৪তম বিসিএস (২০২১) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে ৪ হাজার ১৩৬ জনকে নন-ক্যাডার পদে সাময়িকভাবে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩’-এর বিধি ৬ অনুযায়ী প্রার্থীদের মেধাক্রম ও পছন্দক্রমের ভিত্তিতে এই মনোনয়ন প্রদান করা হয়েছে। নবম থেকে একাদশ গ্রেডের বিভিন্ন শূন্য পদে এ নিয়োগ কার্যকর হবে। সংশ্লিষ্ট দপ্তরের যাচাই-বাছাই ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
মনোনীতদের একটি বড় অংশ বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের নবম গ্রেডের পদে নিয়োগ পেতে যাচ্ছেন। এর মধ্যে খাদ্য অধিদপ্তরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পদে ৩ জন, নিবন্ধন অধিদপ্তরে সাব-রেজিস্ট্রার পদে ৮ জন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী পরিচালক পদে ২৯ জন রয়েছেন।
এছাড়া পাসপোর্ট অধিদপ্তরে ১৪ জন এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরে ঔষধ তত্ত্বাবধায়ক পদে ১৯ জন মনোনয়ন পেয়েছেন। দশম গ্রেডে জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে সহকারী রাজস্ব কর্মকর্তা পদে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হচ্ছে। পাশাপাশি খাদ্য অধিদপ্তরে খাদ্য পরিদর্শক পদে ১৬৩ জন এবং মৎস্য অধিদপ্তরে মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা পদে ১৮ জন মনোনীত হয়েছেন। তবে যোগ্য প্রার্থী না পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কয়েকটি পদে কাউকে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি।