Ridge Bangla

৪০-এ দীপিকা, গ্ল্যামার ও মাতৃত্বের মিশেলে এক নতুন পথচলা

আজ বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ৪০তম জন্মদিন। ১৯৮৬ সালের এই দিনে ডেনমার্কের কোপেনহেগেনে জন্মগ্রহণ করা সেই শিশুটি আজ বিশ্বজুড়ে আত্মবিশ্বাসী, সফল ও প্রেরণাদায়ী ভারতীয় নারীর এক প্রতীক।

জীবনের এই মাইলফলক জন্মদিনটি দীপিকা উদযাপন করছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। স্বামী রণবীর সিং এবং তাঁদের সন্তানের সঙ্গে একান্ত, শান্ত পরিবেশে সময় কাটাচ্ছেন তিনি। বড় কোনো উৎসবের বদলে প্রিয়জনের সঙ্গে ব্যক্তিগত মুহূর্ত ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত এই জন্মদিনকে আরও অর্থবহ করে তুলেছে।

গত ১৮ ডিসেম্বর মুম্বাইতে আয়োজিত একটি বিশেষ ‘থ্যাঙ্ক ইউ’ অনুষ্ঠানে শত শত ভক্তের সঙ্গে মিলিত হয়েছিলেন দীপিকা। সেখানে কেক কাটা, আড্ডা ও মানসিক সুস্থতা নিয়ে আলোচনার মধ্য দিয়ে তিনি তাঁর ৪০ বছরের যাত্রায় সমর্থনকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান। দীপিকার ভাষায়, “আমার এই দীর্ঘ পথচলায় আপনারা যাঁরা পাশে ছিলেন, তাঁদের সঙ্গে এই মুহূর্ত ভাগ করে নেওয়া এক অনন্য অনুভূতি।”

দীপিকা পাড়ুকোন কেবল একজন অভিনেত্রী নন, বরং একজন সমাজসেবীও। ‘লাইভ লাভ লাফ’ ফাউন্ডেশনের মাধ্যমে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরি, নারীশক্তি উদযাপন এবং সামাজিক দায়বদ্ধতার লক্ষ্যে তিনি নিরলস কাজ করে চলেছেন। ৪০ বছর বয়সে এসেও তাঁর এই সংকল্প আরও দৃঢ় ও পরিণত হয়েছে।

টেনিস খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনের কন্যা হিসেবে নয়, বরং নিজ মেধা, পরিশ্রম ও দৃষ্টিভঙ্গি দিয়ে তিনি তৈরি করেছেন এক অনন্য অবস্থান। ‘পিকু’, ‘পদ্মাবতী’, ‘মাস্তানি’ কিংবা আধুনিক চরিত্রে- প্রতিটি ভূমিকায় তিনি রেখেছেন অমোচনীয় ছাপ। ফ্যাশন থেকে ফিল্মফেয়ার, অস্কার থেকে বিশ্বমঞ্চ- প্রতিটি ক্ষেত্রেই তিনি তুলে ধরেছেন ভারতীয় শিল্পের গৌরব।

This post was viewed: 27

আরো পড়ুন