সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বিক্রির উদ্দেশ্যে পরিবহনের সময় প্রায় ৪০০ কেজি ঘোড়ার মাংস জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় দুই ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি এক হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার মেঘাই ঘাট এলাকায় যমুনা নদীর তীরে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান।
উপজেলা প্রশাসন সূত্রে জানায়, গভীর রাতে যমুনার চর এলাকায় কয়েকটি ঘোড়া জবাই করে সেগুলোর মাংস নদীপথে ঢাকায় পাঠানোর পরিকল্পনার তথ্য পায় তারা। বিষয়টি নিশ্চিত হওয়ার পর কাজিপুর থানা পুলিশ নদীতীরবর্তী এলাকায় নজরদারি জোরদার করে।
পরে ঢাকায় নেওয়ার সময় একটি পিকআপভ্যান থেকে ১১টি বস্তায় প্রায় ৪০০ কেজি হাড়বিহীন ঘোড়ার মাংস উদ্ধার করা হয়। এ সময় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ডাংগাপাড়া গ্রামের মো. কাওছার আলী পলাশ (৩৫) ও মো. শরিফুল ইসলাম (৪৫) কে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা যমুনার চরে আটটি ঘোড়া জবাইয়ের কথা স্বীকার করেন বলে জানায় প্রশাসন।
ভ্রাম্যমাণ আদালত জানায়, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ লঙ্ঘনের দায়ে অভিযুক্তদের সাজা দেওয়া হয়েছে। এর আগেও একই রুটে ঘোড়ার মাংস পাচারের ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে জানান ইউএনও।
এই অভিযানে কাজিপুর থানা পুলিশ ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে জব্দকৃত মাংস মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।