Ridge Bangla

৩ উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে: ডাকসু ভিপি

জুলাইযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত হামলাকারীদের গ্রেপ্তারসহ তিন দফা দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। দাবি বাস্তবায়ন না হলে স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র উপদেষ্টাদের পদত্যাগ দাবি করা হবে।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে ডাকসুর ১৪ সদস্যের প্রতিনিধিদল স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচির পর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করে। বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডাকসু ভিপি সাদিক কায়েম দাবি করেন, তিন দফা দাবি দ্রুত বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট উপদেষ্টাদের পদত্যাগ নিশ্চিত করতে হবে।

ডাকসুর দাবি অনুযায়ী, প্রথমত, ওসমান হাদির ওপর গুলিবর্ষণের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারী সব সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে হবে। তাদের গাফিলতি প্রমাণিত হলে বিচার নিশ্চিত করতে হবে এবং হামলার সহায়তাকারীদের সামাজিকভাবে সম্পূর্ণ বয়কট করতে হবে।

দ্বিতীয়ত, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক অভিযান শুরু করে তাদের সন্ত্রাসী সদস্যদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র জব্দ করতে হবে।

তৃতীয়ত, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে মানবতাবিরোধী অপরাধে প্রদত্ত রায় কার্যকর করতে হবে। অভিযুক্তদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি পাড়া ও ওয়ার্ডে গণকমিটি গঠন করা হবে, যা ফ্যাসিবাদী দোসরদের শনাক্ত করে থানায় সোপর্দ করবে।

This post was viewed: 23

আরো পড়ুন