প্রবাসী আয়ের ইতিবাচক ধারাবাহিকতায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। সর্বশেষ হিসাবে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ দশমিক ১৮ বিলিয়ন মার্কিন ডলারে। এতে করে ডলার সংকট মোকাবিলায় কিছুটা স্বস্তি ফিরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ৩০ ডিসেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩৩ হাজার ১৮৬ দশমিক ৯৪ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী এই রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৮ হাজার ৫১৭ দশমিক ৯৫ মিলিয়ন মার্কিন ডলার। বুধবার (৩১ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, চলতি ডিসেম্বর মাসের প্রথম ২৯ দিনেই দেশে প্রায় ৩ বিলিয়ন বা ৩০০ কোটি মার্কিন ডলারের প্রবাসী আয় এসেছে। এই বিপুল রেমিট্যান্স প্রবাহই রিজার্ভ বাড়াতে বড় ভূমিকা রেখেছে।
এর আগে গত ৯ নভেম্বর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) সেপ্টেম্বর ও অক্টোবর মাসের আমদানি বিল বাবদ প্রায় ১৬১ কোটি ডলার পরিশোধ করতে গিয়ে দেশের রিজার্ভ নেমে আসে ৩১ দশমিক ১৪ বিলিয়ন ডলারে। এরপর থেকে কেন্দ্রীয় ব্যাংক ধীরে ধীরে ডলার ক্রয় বাড়ালে রিজার্ভ পুনরুদ্ধার হতে শুরু করে। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ১১ ডিসেম্বর গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছিল ৩২ দশমিক ১২ বিলিয়ন ডলারে এবং বিপিএম-৬ পদ্ধতিতে তা ছিল ২৭ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।