ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের স্থায়িত্বকাল ও কার্যসূচি নির্ধারণ করেছে সংসদের কার্য উপদেষ্টা কমিটি। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এ অধিবেশন চলবে। একই সঙ্গে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, এ টি এম আজহারুল ইসলাম, বিরোধীদলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং মুহাম্মদ নওশাদ জমির অংশ নেন। স্পিকারের বিশেষ আমন্ত্রণে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে সচিবিক সহায়তা প্রদান করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা। এ ছাড়া সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে সংসদের অধিবেশন শুরু হবে। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৩০ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত হবে। প্রয়োজনে অধিবেশনের সময়সূচি ও কার্যদিবসে পরিবর্তন আনার ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে।
এদিকে চলতি অধিবেশনকে ঘিরে সংসদ সচিবালয়ে বিপুলসংখ্যক প্রশ্ন ও নোটিশ জমা পড়েছে। এ পর্যন্ত প্রধানমন্ত্রীর জন্য ৮টি এবং বিভিন্ন মন্ত্রীর জন্য ৪৬০টিসহ মোট ৪৬৮টি প্রশ্ন পাওয়া গেছে। এছাড়া বিধি–৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের নোটিশ জমা হয়েছে ২৭টি এবং বিধি–১৩১ অনুযায়ী সিদ্ধান্ত-প্রস্তাবের সংখ্যা ৯৭টি।