ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে চলমান সামরিক অভিযান আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে শেষ হতে পারে। তিনি বলেন, এ বিষয়ে ইরানের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানো বাধ্যতামূলক নয়।
মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সময় হোয়াইট হাউস-এর ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি জানান, যুক্তরাষ্ট্র খুব শিগগিরই ইরানে পরিচালিত সামরিক অভিযান গুটিয়ে নিতে পারে।
ট্রাম্প বলেন, “দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই আমরা এই অভিযান শেষ করতে পারব। প্রয়োজনে আরও কয়েকদিন সময় লাগতে পারে।”
তিনি দাবি করেন, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকানোই ছিল তার প্রশাসনের মূল লক্ষ্য, যা ইতোমধ্যে অর্জিত হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করতে চায়। তবে এর আগেই একটি সম্ভাব্য চুক্তির সুযোগও রয়েছে।
যদিও তিনি স্পষ্ট করে দেন, ইরান চুক্তিতে না এলেও যুক্তরাষ্ট্রের অবস্থান অপরিবর্তিত থাকবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই অভিযান সমাপ্ত করা হবে।