Ridge Bangla

২ লাখ ৯৩ হাজার প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠাল ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো অব্যাহত রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। গত আট দিনে মোট ২ লাখ ৯৩ হাজার ১৪৭ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট প্রেরণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ইসি।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী ভোটারদের কাছে এসব ব্যালট পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রমের আওতাধীন আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালিম আহম্মেদ খান।

তিনি জানান, প্রবাসীদের পাশাপাশি দেশের ভেতরেও ইন-কান্ট্রি পোস্টাল ভোটার নিবন্ধন কার্যক্রম জোরদার হয়েছে। সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ভোটারদের মিলিয়ে ইন-কান্ট্রি পোস্টাল ভোটারের সংখ্যা এক লাখ ছাড়িয়ে একপর্যায়ে ১০ লাখে পৌঁছাতে পারে বলে আশা করছে কমিশন। একই সঙ্গে প্রবাসী ভোটার নিবন্ধনের সংখ্যা ছয় লাখ ছাড়াবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নির্বাচন কমিশন সূত্র জানায়, শুধু শুক্রবারই বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ৫৭ হাজার ৩৬০ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে একক দেশ হিসেবে সৌদি আরবে সর্বাধিক ২২ হাজার ব্যালট প্রেরণ করা হয়।

This post was viewed: 12

আরো পড়ুন