Ridge Bangla

২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী

দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টা ২৫ মিনিটে বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে প্রধান বিচারপতির শপথ বাক্য পাঠ করান।

এর আগে গত ২৩ ডিসেম্বর বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। তিনি বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের স্থলাভিষিক্ত হলেন। জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১১ আগস্ট বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছিলেন।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর জন্ম ১৯৬১ সালের ১৮ মে। সে হিসাবে তিনি ২০২৮ সালের ১৭ মে ৬৭ বছর বয়স পূর্ণ করবেন এবং প্রায় আড়াই বছর পর অবসরে যাবেন। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী প্রয়াত বিচারপতি এএফএম আবদুর রহমান চৌধুরী ও বেগম সিতারা চৌধুরীর সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইনে এলএলএম সম্পন্ন করেন।

তার বিচারাঙ্গনে পথচলা শুরু হয় ১৯৮৫ সালে জজকোর্টে আইনজীবী হিসেবে। ১৯৮৭ সালে তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান এবং ২০০৫ সালে তার নিয়োগ স্থায়ী হয়। সর্বশেষ ২০২৪ সালের ১৩ আগস্ট তিনি আপিল বিভাগের বিচারক হিসেবে শপথ গ্রহণ করেন।

This post was viewed: 22

আরো পড়ুন