Ridge Bangla

২৫ ডিসেম্বর বিমানবন্দরগামী যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা

আগামী ২৫ ডিসেম্বর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরগামী যাত্রীদের পর্যাপ্ত সময় হাতে রেখে যাত্রা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সম্ভাব্য যানজট ও অতিরিক্ত জনসমাগমের কারণে যাত্রীদের ভোগান্তি এড়াতেই এ সতর্কতা জারি করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, বিভিন্ন গণমাধ্যম সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে ২৫ ডিসেম্বর বিমানবন্দর এলাকা, বিমানবন্দর থেকে গুলশান অভিমুখী প্রধান সড়ক এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক) ঘিরে ব্যাপক জনসমাগম হতে পারে। ফলে এসব এলাকায় তীব্র যানজটের আশঙ্কা রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওইদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ফ্লাইটের যাত্রীদের যথাসম্ভব আগেভাগে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে, যাতে ফ্লাইট মিস হওয়ার ঝুঁকি এড়ানো যায়।

এদিকে ২৫ ডিসেম্বর দীর্ঘ নির্বাসিত জীবন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। তিনি কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে ওইদিন সকাল ১১টা ৫৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তার আগমন উপলক্ষে তাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দর ও আশপাশের এলাকায় বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে।

এ কারণে ওইদিন বিমানবন্দর ও সংলগ্ন সড়কগুলোতে যান চলাচলে ধীরগতি এবং সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন। যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত ও ফ্লাইট সূচি ঠিক রাখতে এয়ারলাইন্স কর্তৃপক্ষ সময়মতো বিমানবন্দরে পৌঁছানোর ওপর গুরুত্ব আরোপ করেছে।

This post was viewed: 21

আরো পড়ুন