Ridge Bangla

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান: বিএনপির মহাসচিব

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ১০টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

মির্জা ফখরুল বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘদিন প্রবাসে অবস্থানের পর ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে পা রাখবেন। তাঁর আগমন উপলক্ষে দলীয়ভাবে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হবে। এ খবরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

তারেক রহমান ২০০৭ সালের এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর গ্রেপ্তার হন। ২০০৮ সালে কারামুক্ত হয়ে চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছিলেন। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর তারেক রহমানের বিরুদ্ধে থাকা বিভিন্ন মামলার সাজা বাতিল হয় এবং কয়েকটি মামলায় তিনি আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পান। এর পর থেকেই তাঁর দেশে ফেরার বিষয়টি আলোচনায় আসে।

বিএনপি নেতারা গত কয়েক মাস ধরে তাঁর শিগগিরই দেশে ফেরার কথা বললেও নির্দিষ্ট তারিখ জানা যায়নি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তারেক রহমানের দ্রুত প্রত্যাবর্তন নিয়ে জল্পনা বাড়ে। এ সময় তিনি লন্ডন থেকে এক ফেসবুক পোস্টে দেশে ফেরার আকাঙ্ক্ষার কথা উল্লেখ করেছিলেন।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলের শীর্ষ নেতারা।

This post was viewed: 26

আরো পড়ুন