Ridge Bangla

২৫ ডিসেম্বর ঢাকায় ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশের পতাকা হাতে নিয়ে ঢাকার মাটিতে নামবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান। সভার শুরুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

মির্জা ফখরুল বলেন, ২০০২ সালে চীন সফরের সময় একটি স্মৃতি আজও তার মনে গভীরভাবে দাগ কেটে আছে। সে সময় খালেদা জিয়া চীনের প্রধানমন্ত্রীকে তারেক রহমান পরিচয় করিয়ে দিয়ে বলেছিলেন, ‘হি ইজ মাই সান’। জবাবে চীনের প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে বলেছিলেন, ‘ক্যারি দ্য ফ্ল্যাগ অব ইউর ফাদার অ্যান্ড মাদার’। সেই জাতীয়তাবাদ, স্বাধীনতা ও গণতন্ত্রের পতাকা নিয়েই তারেক রহমান দেশে ফিরছেন বলে মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ২৫ ডিসেম্বর দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হবে। গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের নিরাপত্তা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, নতুন সরকার গঠিত হলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকার তাদের কোনো অনিরাপত্তার মধ্যে ফেলবে না বলে তিনি আশ্বাস দেন।

একাত্তরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ নতুন করে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চায়। আসন্ন নির্বাচনেই নির্ধারিত হবে দেশ গণতান্ত্রিক পথে এগোবে, না কি পশ্চাৎপদতার দিকে যাবে। এ সময় শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে বিএনপি।

This post was viewed: 25

আরো পড়ুন