Ridge Bangla

২৫ ডিসেম্বর ঘিরে কঠোর নিরাপত্তা প্রস্তুতি, দেশে ফিরছেন তারেক রহমান

দীর্ঘ সাড়ে ১৭ বছর পর আগামী ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সপরিবারে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী ঢাকাজুড়ে সর্বোচ্চ সতর্কতামূলক নিরাপত্তা বলয় গড়ে তুলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে গুলশানের বাসভবন পর্যন্ত নেওয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে। তাকে নিরাপদে গুলশানের বাসভবনে পৌঁছে দিতে পুলিশের বিশেষ এস্কর্ট ও স্তরভিত্তিক নিরাপত্তা মোতায়েন থাকবে। বিমানবন্দর, ৩০০ ফুট সড়ক, এভারকেয়ার হাসপাতাল ও শেরেবাংলা নগর এলাকায়ও প্রস্তুত রাখা হচ্ছে অতিরিক্ত নিরাপত্তা।

বিএনপির পক্ষ থেকেও নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ) পুনর্গঠন ও শক্তিশালী করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। তিনি জানান, দলীয় ও রাষ্ট্রীয় পর্যায়ে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশ জানায়, ২৫ ডিসেম্বর ঘিরে গোটা রাজধানীতে নজরদারি বাড়ানো হয়েছে। পোশাকধারী ও সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে। প্রয়োজনে অতিরিক্ত চেকপোস্ট বসানো হবে। এদিকে বিপুল জনসমাগমের আশঙ্কায় ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিশেষ পরিকল্পনা নেওয়া হচ্ছে। ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, ওই দিন সড়ক ডাইভারশন, যান চলাচল নিয়ন্ত্রণ ও নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা করা হবে।

This post was viewed: 14

আরো পড়ুন