দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫ জনের। সোমবার (৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, একই সময়ে সারা দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৬২ জন। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮২ জনে। চলতি বছরের ১৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৮ হাজার ৫৩৪ জন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৮০ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৯ জনে।
একই সময়ে মোট ৫ হাজার ৯৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬ হাজার ১৬ জন। মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগেই সর্বোচ্চ ৫ জনের মৃত্যু হয়েছে।
এদিকে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছেন ২০ জন এবং সন্দেহজনক উপসর্গে মৃত্যু হয়েছে ১১৮ জনের।