পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে রাজধানীমুখী মানুষের ঢল নেমেছে। এর ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যমুনা সেতু এলাকায় বেড়েছে যানবাহনের চাপ। এর প্রভাব পড়েছে সেতুর টোল আদায়েও। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু থেকে টোল আদায় হয়েছে ৩ কোটি ৪১ লাখ ৫৩ হাজার ৯০০ টাকা।
শনিবার (২৮ মার্চ) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ৪৬ হাজার ২৭৮টি যানবাহন সেতু দিয়ে পারাপার করে। এর মধ্যে ঢাকামুখী যানবাহনের সংখ্যা ছিল ৩০ হাজার ৫৬টি। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৮ লাখ ৪৩ হাজার ১০০ টাকা।
অন্যদিকে, উত্তরবঙ্গমুখী ১৬ হাজার ২২২টি যানবাহন পারাপার হয়েছে, যার বিপরীতে আদায় হয়েছে ১ কোটি ৪৩ লাখ ১০ হাজার ৮০০ টাকা।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদের ছুটি শেষে মানুষের কর্মস্থলে ফেরার চাপ বাড়ায় সড়কটিতে যানবাহনের চাপ বেড়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে সেতুর দুই প্রান্তে ৯টি করে মোট ১৮টি টোল বুথ চালু রাখা হয়েছে। পাশাপাশি মোটরসাইকেলের জন্য দুই পাশেই পৃথক দুটি করে বুথ ব্যবহৃত হচ্ছে।
তিনি আরও বলেন, যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে সার্বক্ষণিক টোল বুথ সচল রাখার চেষ্টা করা হচ্ছে।