দেশজুড়ে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা ২৩ হাজার ৮৬৫টি মামলা ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি।
সরকারি দলের সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, অতীতে জনগণকে হয়রানি করতে রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে এসব মামলা দায়ের করা হয়েছিল। বর্তমানে যাচাই-বাছাই করে সেগুলো পর্যায়ক্রমে প্রত্যাহার করা হচ্ছে।
তিনি আরও জানান, আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা বাকি মামলাগুলোও পর্যবেক্ষণে রয়েছে এবং যথাযথ প্রক্রিয়ায় তা প্রত্যাহারের কাজ চলছে।
একইসঙ্গে তিনি বলেন, কোনো ব্যক্তি আদালতে নির্দোষ প্রমাণিত হলে তাকে সম্মানজনক আচরণ করা তার মৌলিক অধিকার। অতীতে মৃত ব্যক্তি, প্রতিবন্ধী ও শিক্ষকদের বিরুদ্ধেও মামলা দায়েরের নজির রয়েছে বলে উল্লেখ করেন তিনি।