ইসলামিক ফাউন্ডেশন চলতি বছরের সাদাকাতুল ফিতর হার ঘোষণা করেছে। এ বছর একজন মুসলিমের জন্য সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা এবং সর্বোচ্চ ২৮০৫ টাকা।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বায়তুল মুকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতীব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।
সভায় সর্বসম্মতিক্রমে জানানো হয়, ইসলামী শরীয়াহ অনুযায়ী ফিতরা আদায় করা যাবে আটা, যব, খেজুর, কিসমিস বা পনির- এই পাঁচটি খাদ্যপণ্যের যেকোনো একটি মাধ্যমে। আটা বা গম দিয়ে ফিতরা আদায়ের ক্ষেত্রে পরিমাণ নির্ধারণ করা হয়েছে অর্ধ সা’ (১ কেজি ৬৫০ গ্রাম) বা এর বাজারমূল্য ১১০ টাকা।
যবের ফিতরা নির্ধারণ করা হয়েছে এক সা’ (৩ কেজি ৩০০ গ্রাম) বা ৫৯৫ টাকা। খেজুর দিয়ে ফিতরা দিতে হবে এক সা’ বা ২৪৭৫ টাকা। কিসমিসের ক্ষেত্রে একই পরিমাণের বাজারমূল্য ২৬৪০ টাকা এবং পনিরের ফিতরা নির্ধারণ করা হয়েছে ২৮০৫ টাকা।
ফাউন্ডেশন জানিয়েছে, দেশের বিভিন্ন বিভাগ থেকে সংগৃহীত খুচরা বাজারদরের ভিত্তিতে এ হার নির্ধারণ করা হয়েছে।