দেশের ভোজ্যতেল ও কৃষি উপকরণের চাহিদা পূরণে সরকার একযোগে বড় পরিসরে ক্রয় কার্যক্রমে অনুমোদন দিয়েছে। পৃথক প্রস্তাবে ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল এবং ৪০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির চলতি বছরের দ্বিতীয় সভায় এসব প্রস্তাব অনুমোদন পায়। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ঢাকার সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস লিমিটেড থেকে ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল সংগ্রহ করা হবে। এতে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১৮০ কোটি ৮৫ লাখ টাকা। প্রতি লিটার তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৮০ টাকা ৮৫ পয়সা।
অন্যদিকে শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবে ২০২৫-২৬ অর্থবছরের ১৬তম লটে সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে আনুমানিক ১৯১ কোটি ৪১ লাখ টাকা। প্রতি টন সারের মূল্য ধরা হয়েছে ৩৯০ মার্কিন ডলার।
এ ছাড়া সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন পায়। এর মধ্যে বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের আওতায় বাণিজ্যিক চালক প্রশিক্ষণ কার্যক্রম এবং বরিশালের নলুয়া-বাহেরচর সেতু নির্মাণ প্রকল্প উল্লেখযোগ্য। নলুয়া-বাহেরচর সেতু নির্মাণে চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশনকে কাজ দেওয়া হয়েছে, যার ব্যয় ধরা হয়েছে প্রায় ৮৯৯ কোটি ৬২ লাখ টাকা।