Ridge Bangla

১৮ দিনেই ১ বিলিয়ন ডলারের ক্লাবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

জেমস ক্যামেরনের বহুল প্রতীক্ষিত ছবি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ মুক্তির মাত্র ১৮ দিনের মধ্যেই বিশ্বব্যাপী বক্স অফিসে ১ বিলিয়ন ডলার আয়ের মাইলফলক ছুঁয়েছে। বর্তমানে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ১.০৮৩ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৩২ হাজার কোটি টাকা।

বক্স অফিস হিসাব অনুযায়ী, উত্তর আমেরিকা থেকে ছবিটি আয় করেছে ৩০৬ মিলিয়ন ডলার, আর আন্তর্জাতিক বাজার থেকে এসেছে ৭৭৭.১ মিলিয়ন ডলার। প্রভাবশালী গণমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, ‘অ্যাভাটার’ সিরিজের তৃতীয় কিস্তি হিসেবে এটি আগের দুই ছবির তুলনায় সামান্য বেশি সময় নিয়ে বিলিয়ন ডলার ক্লাবে প্রবেশ করলেও আগের কিস্তিগুলোর মতোই বড় পর্দায় শক্ত অবস্থান বজায় রেখেছে।

জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ মুক্তির অল্প সময়ের মধ্যেই বিশ্ব বক্স অফিসে ১ বিলিয়ন ডলার আয় করে বড় সাফল্যের নজির গড়েছে। যদিও আগের দুই কিস্তির মতো ২ বিলিয়ন ডলার ছোঁয়া এখনো অনিশ্চিত, তবু আন্তর্জাতিক বাজার, বিশেষ করে চীন ও ইউরোপীয় দেশগুলো, ছবিটির প্রধান ভরসা হয়ে উঠেছে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি আয় এসেছে চীন (১৩৮ মিলিয়ন ডলার) থেকে; এরপর রয়েছে ফ্রান্স, জার্মানি ও দক্ষিণ কোরিয়া।

ডিজনির জন্যও ২০২৫ সালটি অত্যন্ত সফল। ‘লিলো অ্যান্ড স্টিচ’ ও ‘জুটোপিয়া ২’-এর পর এটি তাদের তৃতীয় ১ বিলিয়ন ডলারের ছবি। ফলে কোভিড-পরবর্তী সময়ে প্রথমবারের মতো ডিজনির বার্ষিক বৈশ্বিক আয় দাঁড়িয়েছে ৬.৫৮ বিলিয়ন ডলার।

এই সাফল্যের মাধ্যমে জেমস ক্যামেরন চতুর্থবারের মতো পরিচালিত ছবি দিয়ে ১ বিলিয়ন ডলার আয়ের মাইলফলক স্পর্শ করলেন এবং ইতিহাসের একমাত্র নির্মাতা হিসেবে তার ঝুলিতে রয়েছে তিনটি ২ বিলিয়ন ডলারের ব্লকবাস্টার।

This post was viewed: 18

আরো পড়ুন